২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রেসারমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি অফিসে কোনো ফাইল যেন অযথা আটকে না থাকে; বরং কোনো অফিস কত দ্রুত সেবা দিতে পারছে সেই ইতিবাচক প্রতিযোগিতাই হওয়া উচিত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউপি চেয়ারম্যান, সব দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় আড়ষ্টতায় ভোগেন। তারা অফিসের নিয়ম-কানুন ভালোভাবে জানেন না। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল হতে হবে। আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে এসেছেন। জনগণের সেবা করাই আপনাদের প্রধান দায়িত্ব বলে জানান তিনি।

আখতার হোসেন বলেন, প্রতিদিন কোনো অফিসে ১০ থেকে ৫০ জন মানুষ এলেও সিরিয়াল অনুযায়ী সেবা নিশ্চিত করতে হবে। যিনি আগে আসবেন, তিনি আগে সেবা পাবেন-এই নীতিতে কাজ করতে হবে। জরুরি বিষয়গুলো আলাদা করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও নিতে হবে। থানায় গিয়ে যেন কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগসহ সব সরকারি দপ্তরকে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন।

তিনি বলেন, আমি পীরগাছা ও কাউনিয়ার মানুষের অকুণ্ঠ সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি নিজেকে বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ আসতে পারে, তবে জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে তিনি সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করবেন।

সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আত্মত্যাগের কারণেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জাতীয় সংসদে কথা বলার আশ্বাস দেন তিনি এবং সত্য ও প্রয়োজনভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

পীরগাছার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা নদীকেন্দ্রিক দুর্ভোগ নিরসন এখন সময়ের দাবি। তিস্তার পানি বণ্টন ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে এ সময় উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, পীরগাছা থানা ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলামসহ সব দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে জুলাইযোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্যদের রমজান মাস উপলক্ষে শুকনো খাবার বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্যসহ অন্যরা।

পরে সদ্যপ্রয়াত জামায়াত নেতা ফারুক ইকবালের কবর জিয়ারত, চৌধুরাণী থেকে ফতেপুরঘাট সড়ক উদ্বোধন শেষে বিকালে পীরগাছা সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা ও গণইফতারে যোগ দেন।

এর আগে উপজেলা প্রশাসন নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

সর্বশেষ