১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

রাকসু নির্বাচনে প্রথম দিন মনোনয়নপত্র নিলেন ৫ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন প্রার্থী। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মনোনয়ন বিতরণ চলে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হয় রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়নপত্র নিজ নিজ হল থেকে সংগ্রহ করেন প্রার্থীরা।

প্রথম দিনে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান, নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার। এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক, এবং নির্বাহী সদস্য-১ পদে মনোনয়ন নিয়েছেন আরও তিনজন শিক্ষার্থী।

প্রথম মনোনয়ন নেওয়া এজিএস প্রার্থী সজিবুর রহমান বলেন, এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি দলিল হিসেবে থাকবে। যে কোনো যৌক্তিক বিষয়ে আমি একা হলেও দাঁড়ানোর চেষ্টা করেছি। ভয়েজ রেইজ করার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীদের শক্তি ও সাহস নিয়ে, লেজুড়বৃত্তিক দল ও গোষ্ঠীর বাইরে গিয়ে মনোনয়ন নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।

প্রথম নারী প্রার্থী (নারী বিষয়ক সম্পাদক) হিসেবে মনোনয়ন নেওয়া নিশা আক্তার বলেন, নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী শিক্ষার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।

সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়ন ফরম কম বিতরণ হওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, তা হলো বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছিল এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ছিল। এছাড়া প্রথম দিন ছিল, তাই সবাই একটু অবজারভ করেছে। আমরা আশা করছি, আগামী দিনগুলোতে আরও বেশি মনোনয়নপত্র বিতরণ হবে।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই মনোনয়নপত্র বিতরণ।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।