২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে আ.লীগ কার্যালয় ভাঙচুর

ময়মনসিংহ নগরীর শিববাড়ির জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তালাবন্ধ অফিস আবারও ভাঙচুর ও কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অফিসের প্রধান ফটকের পাশের দেয়ালটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেন তারা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস এ ভাঙচুরের নেতৃত্ব দেন।

জানা গেছে, ৫ আগস্টের পর নগরীর শিববাড়ির আওয়ামী লীগের কার্যালয়টি ভঙ্গুর অবস্থায় তালাবন্ধ ছিল। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় কার্যালয়টি খোলার ব্যাপারে গুঞ্জন উঠে এবং রাতের আধাঁরে কার্যালয়ের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পুস্পস্তবক অর্পণ করেন। এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নগরীতে তোলপাড় সৃষ্টি হয়। এরপর সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র নেতা আল নূর মোহাম্মদ আয়াসের নেতৃত্বে অফিসটি আবারও ভাঙচুর করা হয়।

ভাঙচুরের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তারা শহীদ সাগরসহ হাজার হাজার ছাত্র-জনতার হত্যার সঙ্গে জড়িত। তাদের বিচার কার্যক্রম চলছে। এরই মাঝে এ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি দলীয় কার্যালয় খোলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার দুঃসাহস দেখিয়েছে; কিন্তু শহীদ সাগরের রক্তের উপর দিয়ে কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। প্রয়োজনে এ কার্যালয় ভেঙে পাবলিক টয়লেট করা হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি শান্ত করে।

২০২৪ সালের ৫ আগস্টের পর এ নিয়ে তিনবার শীববাড়ির জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলো।

সর্বশেষ