২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে আ.লীগের সাবেক এমপির জামিন

২০১৭ সালে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর মারধরের ঘটনায় ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত ইউনুসের জামিন মঞ্জুর করেন।

এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে জামিনপ্রাপ্তির পর ইউনুস কারো সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে আদালতের সরকারি কৌঁসুলিরা জামিন মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেন।

সর্বশেষ