২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গোপসাগরে দুই জেলে গুলিবিদ্ধ

গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮) নামের দুই জেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর ২০ ঘন্টা পর রোববার দিবাগত রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছায়।

পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানা এফবি জাহিদ নামের ট্রলারে থাকা ১৪ জন জেলের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়।

নুর আলম খানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা গ্রামে ও শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে।

এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক বলেন, শনিবার রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোন কিছু বোঝার আগেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। এ সময় আমাদের জেলেরা দিকবিদিক হয়ে ছুটাছুটি করলে দুই জেলে গুলিবিদ্ধ হয়। ট্রলারের একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, নুর আলমের পিছনে গুলি এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। রোববার রাত ১১টার দিকে মহিপুর ঘাটে এসে কলাপাড়ায় নিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জেলেরা গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী এ  ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। গুলিবিদ্ধ দুই জেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ