১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নিজ দপ্তরেই শ্যালকের নামে ঠিকাদারি ব্যবসা করেন ঢাকা ওয়াসার প্রকৌশলী

সরকারি চাকরির পাশাপাশি নিজ দপ্তরে ঠিকাদারি ব্যবসা শুরু করেছেন ঢাকা ওয়াসার পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী গাজী আসরিব বিন সালাম।

সরাসরি নিজের নাম ব্যবহার না করে আপন দুই শ্যালকের নামে ঠিকাদারি কাজ অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুই শ্যালকের নামে এই প্রকৌশলীর ব্যবসার

ঢাকা ওয়াসা সংশ্লিষ্টরা জানান, ওসমান ট্রেডিং করপোরেশন এবং এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরে পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ ঢাকা ওয়াসায় বহু কাজ করছে। হিসাব বিভাগ থেকে বিল উত্তোলনের প্রমাণপত্রও মিলেছে। 

বিষয়টি ঢাকা ওয়াসায় ‘ওপেন সিক্রেট’। বছরের পর বছর তিনি চাকরির পাশাপাশি শ্যালকদের নামে ব্যবসা করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। 

কারণ হিসাবে জানা যায়, প্রকৌশলী গাজী আসরিব নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছেন বলে দাপট দেখাতেন। পাশাপাশি সমালোচিত ঢাকা ওয়াসার সাবেক এমডি প্রকৌশলী তাকসিম এ খানের ঘনিষ্ঠজন হওয়ায় এসব থেকে রেহাই পেয়ে গেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই শ্যালকের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজের ঠিকাদারি ব্যবসা অব্যাহত রেখেছেন প্রকৌশলী গাজী আসরিব। এর মধ্যে এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান। অন্যটি ওসমান ট্রেডিং করপোরেশন। এর স্বত্বাধিকারী মো. মোয়াল্লেম হোসেন। এই দুজনই প্রকৌশলীর স্ত্রী ফারহানা দিল আফরোজের আপন ভাই।
অনুসন্ধানে জানা যায়, ঢাকা ওয়াসায় কর্মীর তথ্য বিবরণীতে গাজী আসরিব বিন সালামের স্ত্রীর নাম রয়েছে ফারহানা দিল আফরোজ। তার জাতীয় পরিচিতি তথ্যে দেখা গেছে, তার বাবার নাম মো. মোতাহার হোসেন এবং মায়ের নাম শামসুন নাহার। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান এবং ওসমান ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. মোয়াল্লেম হোসেন-উভয়ের বাবা ও মায়ের নামের জায়গায় একই নাম লেখা।

অনুসন্ধানে আরও জানা যায়, এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স একটি আমদানিকারক, প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠান। ৭১/১/এ, উত্তর যাত্রাবাড়ী, ঢাকার ঠিকানায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স বা ব্যবসায়িক অনুমোদন নিয়েছে। 

আর ওসমান ট্রেডিং করপোরেশনের ট্রেড লাইসেন্স অনুযায়ী এটিও একটি আমদানিকারক, প্রথম শ্রেণির ঠিকাদার এবং সরবরাহকারী প্রতিষ্ঠান। এটি ১১/৩, রোড-১, কল্যাণপুর, মিরপুর, ঢাকা থেকে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।

এ প্রসঙ্গে এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান বলেন, গাজী আসরিব বিন সালম তার নিকটাত্মীয় নন। এলাকার সম্পর্কে ভগ্নিপতি হন। তবে সুনির্দিষ্ট প্রমাণাদি উপস্থাপন করলে নিজের ভগ্নিপতি বলে স্বীকার করেন। তিনি বলেন, কয়েকটি কাজ করার পর সমালোচনা শুরু হয়। এরপর সেখানে আর কোনো কাজ করছেন না। এখন গণপূর্তসহ সরকারি অন্যান্য দপ্তরে কাজ করছেন। আর তার ভাই ওসমান ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারীও এখন আর কাজ করছেন না।

পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী গাজী আসরিব বিন সালাম অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ঘটনা সত্য। তবে এটা কয়েকবার আমি না বুঝে করেছি। বোঝার পর আর কখনো করিনি।’

পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সার্কেলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মির্জা গোলাম কিবরিয়া মিডিয়াকে জানান, সরকারি চাকরিজীবী হয়ে কেউ আচরণবিধি ভাঙলে তার শাস্তি যা আছে, সেটা পাবে। কোনো প্রকৌশলী কোনো অপরাধ করলে তার শাস্তি তাকে পেতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।