১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি

টেকনাফ সীমান্তের নাফ নদের জলসীমায় হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। গত চার দিনে নাফ নদের জলসীমা থেকে ৭টি বাংলাদেশি ট্রলারসহ ৪৯ জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এ নিয়ে টেকনাফ উপকূলজুড়ে বিরাজ করছে উৎকণ্ঠা। বিশেষজ্ঞদের ধারণা, আরাকান আর্মি খাবারসহ প্রয়োজনীয় পণ্য ও মুক্তিপণ হিসেবে টাকা আয়ের জন্যই এমন তৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে অপহৃত জেলেদের উদ্ধারে পদক্ষেপ ও নাইক্ষ্যংদিয়া এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ট্রলার মালিক সমিতি।
শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতি জানিয়েছে, গত ৫ আগস্ট একটি নৌকাসহ দুজন, ১২ আগস্ট একটি ট্রলারসহ ৫ জেলে, ২৩ আগস্ট একটি ট্রলারসহ ১২ জন, ২৪ আগস্ট দুটি ট্রলারসহ ১৪ জন, ২৫ আগস্ট একটি ট্রলারসহ সাতজন ও ২৬ আগস্ট দুটি ট্রলারসহ ১১ জন, ২৮ আগস্ট একটি ট্রলারসহ পাঁচজনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে গেল ২২ দিনে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে ৫৬ জন জেলেকে। যাদের কোনো খবর পাচ্ছে না পরিবারগুলো। এখন পর্যন্ত কোনো জেলেদের ফিরিয়ে আনতে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। সর্বশেষ বৃহস্পতিবার সেন্টমার্টিনের কাছে ‘সীতা’ পয়েন্ট থেকে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ আরও পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার তথ্য দিয়েছে ট্রলার মালিক সমিতি।
মঙ্গলবার দুপুরে ট্রলারসহ এই পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন বলে জানান টেকনাফ কাযুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ। তিনি জানান, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের মালিকানাধীন একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা।
বিজিবি বলছে, অসচেতনতা এবং কিছু চোরাকারবারির সহায়তায় জলসীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ায় নাফ নদ ও সাগর মোহনা থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ জলসীমায় ঢুকে লোকজন ধরে নিয়ে যাওয়ার সুযোগ শুধু আরাকান আর্মি কেন, মিয়ানমারের কোনো গোষ্ঠীর নেই। কারণ সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবির তৎপরতা রয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়ার পর ওই অঞ্চল গোটা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। রাখাইনে দেশের অন্য কোনো অঞ্চল থেকে কোনো প্রকার খাবার, পণ্য সরবরাহ করা হচ্ছে না। ফলে রাখাইনে খাদ্যসহ নিত্যপণ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। এই সংকট নিরসনে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহের জন্য অর্থের প্রয়োজন আরাকান আর্মির। তাই নাফ নদে জেলে অপহরণ ও ট্রলার লুট বা চাঁদাবাজিকে অর্থ সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করছে তারা। এটি বন্ধের জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনীর আরও সতর্ক এবং কৌশলগত অবস্থান জরুরি।

এ বিষয়ে গত বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে এ বিষয়ে কথা বলেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নাফ নদের মোহনাসংলগ্ন কয়েকটি এলাকায় ডুবোচরের সৃষ্টি হয়েছে। এতে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কোনো কোনো সময় মিয়ানমারের জলসীমার ভেতর দিয়ে চলাচল করতে হয়। এছাড়া জেলেরা অনেক সময় ভুলবশত মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়েন। এতে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।’
অপহৃত জেলেদের উদ্ধারে আরাকান আর্মির সঙ্গে আন-অফিসিয়ালি যোগাযোগ রয়েছে জানিয়ে কর্নেল মহিউদ্দিন বলেন, ‘আরাকান আর্মি সীমান্তে নন-ফ্যাক্টর গোষ্ঠী হলেও তাদের সঙ্গে বিজিবির আন-অফিসিয়াল যোগাযোগ রয়েছে। জেলেদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলাপ হচ্ছে। আমরা চাপ প্রয়োগ করছি, যেন আর কোনো জেলেকে ধরে নিয়ে যাওয়া না হয়।’ সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমানা মেনে চলতে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মিয়ানমারে নির্যাতিত হয়ে সীমান্তে আসা কিছু রোহিঙ্গাকে মানবিক কারণে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করে বিজিবির কমান্ডার বলেন, ‘আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চলছে।’

টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মি সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানো হচ্ছে। একই সঙ্গে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে।
মিয়ানমারে অনুপ্রবেশের অভিযোগে ১৯ ট্রলারসহ ১২২ মাঝিমাল্লাকে আটক
টেকনাফ প্রতিনিধি জানান, শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯টি মাছ ধরার ট্রলারসহ ১২২ জন মাঝিমাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। আটকৃতদের মধ্যে ৯৩ জন রোহিঙ্গা। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনাসংলগ্ন নাফ নদের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তবে আটক জেলেদের ভাষ্য, তারা কোনোভাবেই জলসীমান্ত অতিক্রম করেননি। মাছ ধরা শেষে ফেরার পথে কোস্টগার্ড তাদের ধরে নিয়ে আসে।
এ বিষয়ে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, ‘বাংলাদেশি জেলেদের আরাকান আর্মি কর্তৃক প্রতিনিয়ত ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে শুক্রবার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনাসংলগ্ন নাফ নদের বিভিন্ন এলাকায় কোস্টগার্ড নজরদারি জোরদার করে। এ সময় নাফ নদের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরার সময় বাংলাদেশি ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে আটক করে
ফেরত নিয়ে আসা হয়েছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

বিষয় : আরাকান আর্মি টেকনাফ

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।