১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

‘জামায়াত নেতার বক্তব্য নব্য স্বৈরাচার হওয়ার ইঙ্গিত’

প্রশাসনকে নিয়ে চট্টগ্রামের একটি সমাবেশে দেওয়া জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের একটি সমাবেশে দেওয়া জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর একটি বিতর্কিত বক্তব্য বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দৃষ্টিগোচর হয়েছে। গত ২২ নভেম্বর চট্টগ্রামের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন- ‘যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে এবং পুলিশকে পেছনে পেছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।’

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের বক্তব্য প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয়করণের ইঙ্গিত করে, যা নিরপেক্ষ প্রশাসন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্তরায় এবং হুমকিস্বরূপ। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে এ ধরনের ঔদ্বত্যপূর্ণ, ফ্যাসিস্ট বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে এ ধরনের বক্তব্য নব্য স্বৈরাচার হওয়ার ইঙ্গিত বিধায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন।’

বিবৃতিতে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম বলেছে, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহারের হীন-উদ্দেশ্য সংবলিত শাহজাহান চৌধুরীর এহেন বক্তব্য নিন্দাভরে প্রত্যাখ্যান করছি। সভ্যতা, শিষ্টাচার, বিনয় এদেশের মানুষের হাজার বছরের সংস্কৃতির অংশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করে, সুশাসন ও জনসেবা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সব প্রকার ভয়ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক হীন-উদ্দেশ্যে প্রশাসনকে ব্যবহারের চেষ্টা থেকে সব রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।