২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চবিতে ১৩ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার ও রোববার (২৩ ও ২২ ফেব্রুয়ারি) এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে– পরিবহণ দপ্তর, বিএনসিসি, প্রেস, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও লাইব্রেরির সম্মুখ রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজ।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধা কীভাবে বাড়ানো যায়, সেই লক্ষে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান এবং শিক্ষকদের কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা ও  অ্যাকাডেমিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।

তিনি বলেন, এর অংশ হিসেবে এসব উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করি।

বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ বলেন, এসব প্রকল্পগুলোতে মোট ১৩ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুত এসব প্রকল্পের কাজ শুরু হবে এবং আগামী ১ বছরের মধ্যেই কাজ শেষ হবে।

প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী এবং বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট,শিক্ষক প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী, চাকসুর নেতৃবৃন্দ ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সর্বশেষ