১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

‘আ.লীগ যে কৌশলে জামায়াতকে শেষ করতে পারে নাই, বিএনপি সেটাকে বড় অস্ত্র ভাবছে’

যেই স্ট্র্যাটেজি দিয়ে আওয়ামী লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই, বিএনপি এখন অলআউট সেই ফেইল্ড স্ট্র্যাটেজিকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

সোমবার (৮ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।   

মির্জা গালিব বলেন, রাজনীতিতে ব্যক্তি বা দলীয় স্বার্থের বাইরে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সব জাতি ইতিহাসে  বিশেষ সময়ে এ বিশালতা দেখাতে পেরেছে, তারা সময়ের চাইতে এগিয়ে যেতে পারছে। দুই দুইটা বিশ্বযুদ্ধের পরেও ইউরোপীয় রাষ্ট্রগুলো এক সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন চিন্তা করতে পেরেছে। নর্থ-সাউথের মধ্যে সিভিল ওয়ারের পরও আমেরিকা নিজেদের ফেডারেল রাষ্ট্রকাঠামো ধরে রাখতে পেরেছে।      

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো, আওয়ামী লীগের ফ্যাসিজমকে সরিয়ে একটি দ্বি-দলীয় রাজনৈতিক সিস্টেম তৈরি করা। যে সিস্টেম পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এক সঙ্গে দেশের জন্য কাজ করবে। বিভিন্ন ভুল, ত্রুটি, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আওয়ামী লীগ ভার্সেস বিএনপি/জামায়াতের যে রকম দা-কুমড়ো সম্পর্ক ছিল, বিএনপি ভার্সেস জামায়াতের মধ্যে সে রকম বাজে সম্পর্ক যেন আর না হয়।        

গালিব বলেন, কিন্তু দুঃখজনক হলো— বিএনপি আর জামায়াত দুটো দলই একটু একটু করে অত্যন্ত অস্বাস্থ্যকর সম্পর্কের দিকে এগোচ্ছে। এ কাজে শুধু দুই দলের আবেগী সমর্থকরাই নয়, বরং বড় বড় নেতারাও ফিউয়েল যোগাচ্ছেন। শিবিরের কেন্দ্রীয় নেতারাও ছাত্র রাজনীতির বাউন্ডারি ভুলে গিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করতেছেন। একজন জাতীয় নেতার বক্তব্যের কাউন্টার দেওয়া একটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের জুরিসডিকশনের মধ্যে পড়ে কিনা—সেই আলোচনা নাই কোথাও। জামায়াতের কেন্দ্রীয় নেতারাও একেবারে ব্যক্তি পর্যায়ে তারেক রহমানকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। বিএনপির সকল পর্যায় থেকেও জামায়াতকে আওয়ামী লীগের ভাষায় মুক্তিযুদ্ধ আর ৭১ নিয়ে আক্রমণ করা হচ্ছে। সেই একই লাইনে যোগ দিলেন তারেক রহমান নিজেও। যে স্ট্র্যাটেজি দিয়ে আওয়ামী লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই, বিএনপি এখন অলআউট সেই ফেইল্ড স্ট্র্যাটেজিকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে।  

গালিব আরও বলেন, বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলছে। ইউরোপের অনেক দেশ যেখানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে সমস্যায় আছে, আমাদের সেখানে বরং তারুণ্যের মেলা চলছে। এ কর্মক্ষম জনসম্পদকে মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারলে, আগামী এক-দুই দশকের মধ্যে আমরা সত্যি সত্যি উন্নত দেশ হয়ে যেতে পারব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এ লক্ষ্য অর্জন করতে হলে আমাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ লাগবে, দুইটা বড় সিভিল দল দরকার।  

পোস্টের শেষে তিনি বলেন, প্রিয় বিএনপি এবং জামায়াত নেতৃবৃন্দ—আমাদের পোস্ট হাসিনা গণতন্ত্রে আমরা আপনাদের একজনের সাথে আরেকজনের সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই, ঘৃণা আর শত্রুতা নয়। দয়া করে শুধু এই একটা নির্বাচনে কীভাবে জিততে হবে—এটা নিয়ে না ভেবে দেশটা আগামী দশ বছর পর কোথায় যাবে—চোখটা সেখানেও একটু রাখেন প্লিজ।  

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে কয়েক দফায় মেরে পুলিশের হাতে সোর্পদ করার অভিযোগ উঠেছে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৯ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, আমি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহেরি খেতে গিয়েছিলাম। সেখানে হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরারও খাচ্ছিল। তাদের নেতৃত্বে প্রায় ২০–২৫ জন আমাকে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করেছে। পাভেল বলেন, আমার দোষ থাকলে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক–আমি তাদের বলেছি। কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি। পাভেল আরও বলেন, তারা সেখান থেকে মেরে পরে পলাশীতে এনে আবার মারে। আবার সেখান থেকে আমাকে বাইকে করে ভিসি চত্বরে নিয়ে এসে কয়েকজন মিলে কিল-ঘুষি মারে। পরে আমার অবস্থা খারাপ হয়ে গেলে শাহবাগ থানায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে পুলিশ আটক করে। তারা আমাকে ছাত্রলীগ বলে পেটায়। আমি কখনো কোন সংগঠনে ছিলাম না। আমার কোনো পদ নেই। মারার পর তারা মোবাইল, মানিব্যাগ ও বাইকের চাবি নিয়ে গেছে বলেও অভিযোগ করেন পাভেল। তিনি যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন, তাদের মধ্যে আছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন ও আবরার। অভিযোগের বিষয়ে কথা বলতে ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলামকে ফোন করলেও তারা ধরেননি। শাহবাগ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, আজকে সেহরির সময় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে (পাভেল) পুলিশের হাতে সোর্পদ করে। এখন সে আমাদের হেফাজতে আছে। তার শারীরিক অবস্থা খারাপ, এজন্য ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সে আগে সুস্থ হোক, তারপর আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নেব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, আমাদের কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। তবে আমি এ ঘটনা জানার পর সেই ছেলেকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে শাহবাগ থানাকে অনুরোধ করেছি। আমরা তার খোঁজ খবর রাখছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।