২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধী আমার ছেলে হলেও কোনো ছাড় নয়: এমপি হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমএ হান্নান বলেছেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও কোনো সন্ত্রাসীর স্থান ফরিদগঞ্জের মাটিতে হবে না। আমি রাতের ভোটে বা প্রশাসনের সহযোগিতার ভোটে এমপি হইনি; জনগণের ভোটে এমপি হয়েছি, তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব। প্রশাসন ও পুলিশকে জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য আইনের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অপরাধী যদি আমি বা আমার ছেলেও হয়, তার কোনো ক্ষমা নেই।

তিনি আরও বলেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যেমন তার ছেলেকে গুলি করে মেরেছে, আমিও অপরাধ দমনে তেমনি পিছপা হবো না। এতদিন কী হয়েছে, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে ভবিষ্যতে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া চলবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমএ হান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো অবৈধ তদবির চলবে না। আপনারা সবাই মনে রাখবেন আমি, আমার স্ত্রী ও দুই সন্তান ছাড়া আমার পরিবারের আর কেউ নেই। তাই আপনারা নিশ্চিন্তে দায়িত্ব পালন করুণ। আর যদি মনে হয়, আপনারা পারবেন না, তাহলে চলে যান, কোনো সমস্যা নেই। ফরিদগঞ্জ উপজেলায় চিহ্নিত ৩০-৩৫ জন মাদক ব্যবসায়ী রয়েছে, এদের নির্মূল করতে পারলে উপজেলা অনেকাংশে মাদক মুক্ত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, এইচএম হারুনুর রশিদ, শাহ আল শেখ, বেলায়েত হোসেন, মহসিন হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিুরল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।

সর্বশেষ