সিলেটে এক বছর আট মাস বয়সি এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) ভোর ৫টায় জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে সুবিনা পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানা যাবে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন ছিলেন।
শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি স্ত্রীকে নামাজ পড়তে বলে মসজিদে যান। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে তোহার গলা কেটে ফেলার খবর দেয়। পরে বড় ছেলে প্রতিবেশীদের জড়ো করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় জনতার হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।