রামিসা হত্যাকারীর এক মাসেই মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬ timesasian24
706803753 1562588951896695 1397140704170055860 n
Share: Facebook X WhatsApp

বিশেষ প্রতিনিধি ও ময়মনসিংহ প্রতিনিধি:  প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান বলেছেন, “সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে দেশের মানবতা, মানবিকতা এবং আবহমানকালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে (পল্লবী) একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চরম প্রমাণ মিলেছে।”

আজ শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কবির বাল্যস্মৃতি বিজড়িত দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের ‘নজরুল মঞ্চে’ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

এক মাসেই মৃত্যুদণ্ড নিশ্চিতের ঘোষণা:
রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতনের শিকার ৭ বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই— এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করবে। আর সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।”

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এমন দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা মানুষ এভাবে শিশু কিংবা নারী নির্যাতন করার দুঃসাহস না পায়। একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে আমাদের রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন ঘটাতে হবে।”

নজরুলের প্রাসঙ্গিকতা ও মূল্যবোধের পুনরুজ্জীবন:
প্রধান অতিথি তাঁর দীর্ঘ ভাষণে জাতীয় কবির আদর্শ তুলে ধরে বলেন, “আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের পুনরুজ্জীবন ঘটাতে হবে। আর এই অবক্ষয় রুখতে আমাদের জাতীয় জীবনে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম অত্যন্ত প্রাসঙ্গিক।”

উল্লেখ্য, রামিসার হত্যাকাণ্ডের পরপরই গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পল্লবীতে নিহত শিশুর বাসায় যান। সেখানে তিনি রামিসার শোকাতুর পিতা ও বড় বোনের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং এই বিচার দ্রুততম সময়ে শেষ করার ব্যক্তিগত প্রতিশ্রুতি দেন।

কাল বিকেলেই চার্জশিট দাখিল:
ত্রিশালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এক বিশেষ বার্তায় জানান, “আইনশৃঙ্খলা বাহিনী ও ফরেনসিক বিভাগ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ শেষ করেছে। আগামীকাল রোববার (২৪ মে) বিকেলের মধ্যেই বহুল চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার পূর্ণাঙ্গ চার্জশিট (অভিযোগপত্র) পুলিশ আদালতে জমা দেবে।”

নজরুল মঞ্চের অনুষ্ঠানমালা:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এই জাতীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী এবং ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কবিপৌত্রী খিলখিল কাজী।

এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর, স্থানীয় ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানসহ দেশবরেণ্য কবি ও সাহিত্যিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *