নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৬০

মে ৩১, ২০২৫ timesasian24
DT 1748667364
Share: Facebook X WhatsApp

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কেন্দ্রস্থলে সেনাবাহিনীর বিমান ও স্থল অভিযানে এ নিহতের ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে সেনারা বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শিবিরে দুটি পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৬০ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এক বিবৃতিতে নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারাম জঙ্গিদের ক্যাম্পে সেনা অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর কমপক্ষে ৬০ সন্ত্রাসী নিহত হয়েছেন্। শুক্রবার নাইজার সীমান্তের কাছে আবাদাম জেলার বিটা এবং কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র এএফপির এক প্রতিবেদককে নিশ্চিত করেছে।

এর কয়েক ঘণ্টা পরেই সেনারা চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে বোকো হারামের একটি শক্ত ঘাঁটিতে আক্রমণ করে। এতে এক শীর্ষ কমান্ডার এবং তার সহযোগীদের হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনী একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, কুকাওয়া জেলার বোকো হারাম কমান্ডার আমির আবু ফাতিমা সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *