যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ’ বলল ইসরায়েল

মে ২৪, ২০২৬ Imran Hossain
24002
Share: Facebook X WhatsApp

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির পথে হাঁটছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববারই (২৪ মে) খসড়া চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
এ চুক্তিটি হলে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেবে। এর বদলে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ প্রত্যাহার ও ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং জব্দকৃত অর্থ ছাড় দেবে।

তবে মার্কিনি ও ইরানিদের এ সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন এ ইসরায়েলি কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল-১২ কে এ দখলদার বলেছেন, “চুক্তির কাঠামোতে দেখা গেছে এ চুক্তি হলে ইরান হরমুজ প্রনালিকে অস্ত্রে পরিণত করতে পারবে। তারা এটিকে এমনভাবে অস্ত্রে পরিণত করবে যা পারমাণবিক অস্ত্রের চেয়ে কম ভয়ানক হবে না।”
অজ্ঞাত এ ইসরায়েলি কর্মকর্তা আরও বলেছেন, “ট্রাম্প মনে করছেন এ চুক্তিটি সম্পূর্ণ বাণিজ্যভিত্তিক হবে। এতে করে হরমুজ প্রণালি খোলা হবে। এতে করে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে (আপাতত) কোনো ছাড় দিতে হবে না।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া চুক্তির প্রথম ধাপের পর কি হবে সেটি অনিশ্চিত বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ইসরায়েল যদি কোনো কিছু নিয়ে খুশি না থাকে তখন তাদের সরকার অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে বার্তা দিয়ে থাকে। সাধারণত অজ্ঞাত ব্যক্তিটি হয়ে থাকেন যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *