২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হরমুজে ইরানের সামরিক বোটে গুলির নির্দেশ ট্রাম্পের

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের যেসব বোট মাইন স্থাপন করছে সেগুলোতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, সেসব বোটে থাকা ইরানি সেনাদেরও হত্যা করতে বলেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রুথে লিখেছেন, “আমি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যে, হরমুজ প্রণালির জলসীমায় মাইন স্থাপনকারী যেকোনো বোট (নৌকা)—তা আকারে যতই ছোট হোক না কেন—দেখা মাত্রই যেন সেটিকে গুলি করে ধ্বংস করা হয় (বর্তমানে ইরানের নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলোই কিন্তু সমুদ্রের তলদেশে!)। এ বিষয়ে বিন্দুমাত্র ইতস্তত করার অবকাশ নেই। এছাড়া আমাদের মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালিটি পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। আমি আদেশ দিচ্ছি যে, এই কাজ বন্ধ হবে না; বরং এখন থেকে আগের চেয়ে তিনগুণ বেশি গতিতে এই অভিযান চলবে।”

অপর এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। তিনি বলেছেন, যতদিন ইরান তাদের সঙ্গে চুক্তি না করবে ততদিন ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না এবং হরমুজও খোলা হবে না।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানিরা এখন নিজেদের মধ্যেই লড়াই করছে। তারা জানে না তাদের বর্তমান নেতা কে। আর লড়াইটি কট্টরপন্থি আর মধ্যমপন্থিদের মধ্যে হচ্ছে বলে দাবি করেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ