রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। দল-মত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন করতে হবে। সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গিয়ে নির্বাচন-পরবর্তী গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন।
আজহারুল ইসলাম বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের খাদেম হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। জীবনের শেষমুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।
এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে সেবার মান ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য আব্দুল হান্নান খান।