২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ইমরান খানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উচ্চ আদালতে গেল পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। সাবেক এ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের চোখের বিশেষ চিকিৎসা নিশ্চিত করতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দলটি।

ইমরান খানকে দ্রুত ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়েছে পিটিআই।

দলটির আইনজীবী লতিফ খোসা সুপ্রিম কোর্ট রুলস ২০২৫-এর ৩৫(৬) বিধি অনুযায়ী তোশাখানা ফৌজদারি মামলায় এ পিটিশন করেন। আদালতের নির্দেশে ব্যারিস্টার সালমান সাফদারের তৈরি করা একটি স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের পর এ পদক্ষেপ নেওয়া হয়।

আবেদনে অনুরোধ করা হয়েছে, যেন রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে চোখের বিশেষায়িত চিকিৎসার জন্য ইমরান খানকে অবিলম্বে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান ও ড. অসীম ইউসুফের উপস্থিতি এবং চিকিৎসার সময় পরিবারের সদস্যদের পাশে থাকার অনুমতিও চাওয়া হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, ইমরান খানের চোখের উপযুক্ত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হোক এবং তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান ও ড. অসীম ইউসুফকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক।

আবেদনে ৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে যে, এটি তার পরিবার এবং জনগণের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। তার চোখের অবস্থার অবনতি হওয়ায় তিনি বারবার ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়ে আসছিলেন।

এছাড়া চিকিৎসা চলাকালীন পরিবারের সদস্যদের যুক্তিসঙ্গত সুযোগ দিতে হবে এবং আইনজীবীদের কাছে সব মেডিকেল রিপোর্টের সত্যায়িত কপি হস্তান্তরের অনুরোধও জানানো হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ ইসলামাবাদ হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোশাখানা মামলার কার্যক্রম স্থগিত করেছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান বর্তমানে ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় আদিয়ালা জেলে সাজা ভোগ করছেন। এছাড়া ৯ মে’র বিক্ষোভ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের মামলাগুলোতেও তার বিচার চলছে।

আদালতে পেশ করা একটি মেডিকেল রিপোর্টে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ১৫শতাংশে নেমে আসার তথ্য আসার পর পিটিআই তার মুক্তির দাবি জোরালো করেছে। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে একটি সেশনের মাধ্যমে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান এবং সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাসকে ইমরানের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। কর্মকর্তাদের মতে, তার ব্যক্তিগত চিকিৎসকরা তখন চিকিৎসার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।

গত সপ্তাহে আইনমন্ত্রী আজম নাজির তারার জানান, চশমা ব্যবহারের মাধ্যমে এক চোখে ইমরানের দৃষ্টিশক্তি স্বাভাবিক ৬/৬ এবং অন্য চোখে ৭০ শতাংশ আছে।  তিনি বলেন, বিশেষজ্ঞ মেডিকেল টিম তার চিকিৎসায় সন্তুষ্ট এবং তারা বিরোধীদলীয় নেতা ও ব্যক্তিগত চিকিৎসকদের এ বিষয়ে ব্রিফ করেছেন।

হাতে পাওয়া একটি মেডিকেল রিপোর্ট অনুযায়ী, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে উন্নত হয়ে ৬/৯ হয়েছে এবং বাম চোখের দৃষ্টিশক্তি চশমা সহ ৬/৬ পাওয়া গেছে। আদিয়ালা জেলে ড. নাদিম কুরেশি ও ড. আরিফের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড এ পরীক্ষা করে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

 

সর্বশেষ