রাজধানীর রায়ের বাজার স্কুলের নবম শ্রেণির মেধাবী ছাত্রী সাহারিয়া শারমিন বিন্তীর মর্মান্তিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতক সিয়ামের ফাঁসির দাবি জানিয়েছেন সহপাঠীরা।
রোববার (১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। কর্মসূচিতে নিহতের সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিন্তীর হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত যুবক সিয়ামের ফাঁসির দাবি জানিয়ে ‘আমার বোন মরল কেন? জবাব চাই, জবাব চাই’ বলে স্লোগান দেন।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিন্তী অত্যন্ত নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অভিযুক্ত সিয়ামের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে তারা হুঁশিয়ারি দেন। এছাড়া প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা।