ফখরুলের বক্তব্যের পাল্টা জবাবে বিএনপিকে কাঠগড়ায় তুলল জামায়াত

June 30, 2026 Times Asian24
prothomalo bangla 2026 06 30 28n1bmdw golam parwar pressconferrence 30062026
Share: Facebook X WhatsApp

একাত্তরের ভূমিকা নিয়ে বিএনপি নেতাদের অব্যাহত সমালোচনার কড়া জবাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তুলেছেন, যাঁরা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিলেন, বাংলাদেশ চাননি—এমন ১৪-১৫ জনকে ক্ষমতায় থাকাকালে কেন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বানিয়েছিল বিএনপি?

​মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

​সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপি নেতারা বাইরে ও সংসদে যেভাবে কথা বলছেন, তাতে আমাদেরও প্রশ্ন আছে। বিএনপিকে সেই জবাব দিতে হবে। তারা ক্ষমতায় এসে স্বাধীন বাংলাদেশে এমন অনেককে বড় বড় পদে বসিয়েছিল, যাঁরা একাত্তরে পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছিলেন। সেই তালিকাও গণমাধ্যমে এসেছে।”

​সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরের ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তার সেই বক্তব্যের জবাবে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “মাঝে মাঝেই বিএনপি মহাসচিবের মাথায় ভূত চাপে। কিছুদিন পরপরই তারা ৫০-৬০ বছরের পুরোনো একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াতে চান।”

​সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, দীর্ঘ ২০-২২ বছর ধরে বিএনপি জামায়াতের সঙ্গে জোটের রাজনীতি করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিএনপি নেতারা অধ্যাপক গোলাম আযমের বাসায় ধরনা দিয়েছিলেন জামায়াতের ভোট পাওয়ার জন্য। তখন কেন তাঁদের একাত্তরের কথা মনে ছিল না?

​১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠনে জামায়াতের সমর্থনের কথা উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্ষমতায় গিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হত্যা শুরু করেছিল ছাত্রদল। এটাই কি সমর্থনের প্রতিদান?”

​সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমের ভূমিকারও কড়া সমালোচনা করেন জামায়াত নেতা। তিনি অভিযোগ করেন, দু-একটি ব্যবসায়ী গ্রুপের সংবাদপত্র সরাসরি একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে মুখপত্রের ভূমিকা পালন করছে। ফ্যাসিবাদের সময় এরা দালালি করলেও পটপরিবর্তনের পর রূপ বদলে ফেলেছে।​সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এ টি এম মা’ছুম, আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *