বেসরকারি স্কুল-কলেজে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে এ নির্দেশনা দেওয়া হয়।
এনটিআরসিএর সঙ্গে আলোচনায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেওয়া এনটিআরসিএর এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘এনটিআরসিএর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে ব্রিফ করেছেন আমাদের চেয়ারম্যান। এ সময় মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম এপ্রিলের আগেই করার পরামর্শ দিয়েছেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে ভাইভা শেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের তাগাদা দিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। এনটিআরসিএ চেয়ারম্যান সেভাবেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’
বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন সংখ্যা ৮৬ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এ নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হতে পারে বলে জানা গেছে।
শনিবার এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, মোট ৮৬ হাজার ৪৪৩ জন প্রার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। গতকাল শুক্রবার আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল।