ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে যৌন অপরাধী এপস্টেইন সম্পর্কে বলেছেন, এপস্টেইনের পাশবিক যৌনাচার ও বিচিত্র রকমের অমানবিক কর্মকাণ্ড শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনা-আরাধনার স্পষ্ট রূপ। শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে তিনি এ কথা লিখেন।
পোস্টে তিনি লিখেন- কুরআন ও হাদিসে কেন বারবার শয়তানের পদাঙ্ক অনুসরণ ও শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে সতর্ক করা হয়েছে—এপস্টেইনের ঘটনা আমাদের সামনে সেই বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
‘শয়তানের অন্যতম মূল হাতিয়ার হলো যৌনতা’ জানিয়ে তিনি লিখেন- ইসলাম শুধু জিনা-ব্যভিচার নিষিদ্ধ করেনি; বরং জিনার ধারে-কাছেও যেতে কঠোরভাবে বারণ করেছে। কারণ যৌন অপবিত্রতার মাধ্যমে শয়তান বেশি তুষ্ট হয়। এপস্টেইনের পাশবিক যৌনাচার ও বিচিত্র রকমের অমানবিক কর্মকাণ্ড মূলত সেই শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনা-আরাধনার স্পষ্ট রূপ।
মহান আল্লাহর সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়ে তিনি লিখেন, এ কারণেই যেসব কাজ শয়তানতুষ্টির কারণ হয়; মহান আল্লাহ আমাদের সেসব পথ থেকে সর্বদা বেঁচে থাকতে সতর্ক করেছেন।