নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক মাঠে বক্তব্য ও পাল্টা বক্তব্যের উত্তাপ বাড়ছে। এরই মধ্যে জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে ভোট দিলে আল্লাহর কসম, বেহেশতে যেতে পারবেন না।’
সম্প্রতি টেকনাফের বাহারছড়া এলাকায় এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পথসভায় শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান সৃষ্টির সময় জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে, আবার বাংলাদেশ সৃষ্টির সময়ও তারা বিরোধিতা করেছে। তিনি দাবি করেন, জামায়াতের রাজনীতি সবসময় উল্টো পথে চলেছে।
তিনি আরও বলেন, ‘জামায়াত একবার বিকাশে টাকা দিলেও পরে আর খোঁজ নেবে না। বিএনপি ক্ষমতায় এলে প্রতিমাসে নিয়মিতভাবে সাধারণ মানুষের জন্য ভাতা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। কোনটা জনগণের জন্য লাভজনক, তা ভেবে দেখবেন।’
তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে জামায়াতের ধোঁকাবাজিতে পড়বেন না। বেহেশত পেতে হলে ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহ কবুল করেন, তবেই জান্নাত পাওয়া যাবে। জামায়াতে ইসলামীকে ভোট দিলে আল্লাহর কসম, বেহেশতে যেতে পারবেন না।’
শাহজাহান চৌধুরী আরও বলেন, জামায়াত কখনো হিন্দুস্তানের দিকে, কখনো পাকিস্তানের দিকে দৌঁড়ায়। আমরা আপনাদের নিয়ে এই দেশেই থাকতে চাই।
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, এত কষ্ট দেওয়ার পরও তিনি দেশ ছেড়ে যাননি। তিলে তিলে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি আত্মসমর্পণ করেননি।’
তিনি বলেন, ‘আল্লাহর মেহেরবানিতে আমরা তারেক রহমানকে পেয়েছি। তিনি উচ্চশিক্ষিত, বাবা-মায়ের গুণে গুণান্বিত। ইনশাআল্লাহ, তাকে আমি এই মাঠে নিয়ে আসব আপনাদের সঙ্গে কথা বলাতে। আমরা বিএনপির নেতারা আপনাদের সঙ্গে বসব।